প্রিন্ট এর তারিখঃ May 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 26, 2026 ইং
সিরাজগঞ্জে সহকারী শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

*সিরাজগঞ্জে সহকারী শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ*
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্ত মোঃ শামীম আহমাদ, যিনি ফুলকোচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। অভিযোগে বলা হয়েছে, তিনি তার স্ত্রী মোছাঃ আশিকা আক্তারের সহযোগিতায় ব্যবসায়িক লাভের প্রলোভন দেখিয়ে অন্তত ২৫ জনের কাছ থেকে বিভিন্ন সময়ে নগদ অর্থ, চেক ও অন্যান্য মাধ্যমে বিপুল পরিমাণ টাকা গ্রহণ করেন।
অভিযোগকারী মোঃ সুনু আলী কাজিপুর থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, লাভজনক ব্যবসার আশ্বাস দিয়ে টাকা নেওয়ার পর অভিযুক্তরা প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ ফেরত দেননি। পরবর্তীতে তাদের ব্যবহৃত মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যায় এবং যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা মিথ্যা তথ্য ও প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ গ্রহণ করেছেন, যা দণ্ডবিধির প্রতারণা সংক্রান্ত ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে অভিযুক্তরা পলাতক রয়েছেন। ভুক্তভোগীরা দ্রুত তাদের গ্রেপ্তার ও আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে কাজিপুর থানা কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv